প্রতিমন্ত্রী শামা ওবায়েদকর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু করেছে
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ১৯ জুলাই, ২০২৬
কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু করেছে বলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফরররত আইএলও-এর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রম খাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শালীন কর্মসংস্থান (ডিসেন্ট ওয়ার্ক), সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে।
সাক্ষাৎকালে শ্রম অধিকার সুরক্ষায় আইএলওর চলমান সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আসন্ন আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযথভাবে স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান প্রক্রিয়া দ্রুত সমাপ্তির পথ তৈরি করবে।
আইএলও-এর মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রম সংস্কার, শালীন কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগে আইএলও পাশে থাকবে। বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে সফলতা অন্যান্য দেশের সঙ্গে আইএলওর সম্পৃক্ততার জন্য একটি উদাহরণ হতে পারে।
এসএন