‘মেসি তুমি, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
১০:২১ পিএম | ২০ জুলাই, ২০২৬
ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসির আবেগঘন মুহূর্ত কোটি ভক্তের মতোই নাড়া দিয়েছে অভিনেত্রী শারমীন জোহা শশীকে। মেসির কান্নায় যেন ভেঙে পড়েন শশী। নিজের ফেসবুক স্ট্যাটাসে সে কথাই তুলে ধরেছেন।
‘হাজার বছর ধরে’ সিনেমার এ নায়িকা মেসির উদ্দেশে শুরুতেই আবেগময় স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তুমি সর্বকালের সেরা, মেসি তুমি, দয়া করে কেঁদো না।’
এই অভিনেত্রী আর্জেন্টিনার ভক্ত। তিনি মনে করেন, জীবনে সবাই সবকিছু পায় না। এটাই জীবনের নিয়ম। তাই একটি পরাজয় মেসির অসাধারণ অর্জনকে ম্লান করে দিতে পারবে না। তাঁর ভাষায়, ‘আজকের দিনটি হয়তো তোমার হলো না। কিন্তু তাই বলে তুমি কোনো অংশেই কম নও। তোমার ছোটখাটো অপূর্ণতাগুলোই তোমাকে আরও সুন্দর করে তোলে।’
ম্যাচ শেষে স্পেন যখন শিরোপা জয়ের উদ্যাপনে ব্যস্ত, সেই সময়ে নিজের অনুভূতির কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘স্পেন যখন আনন্দে উদ্যাপন করছিল, আমি দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে টেলিভিশনের পর্দায় শুধু ১০ নম্বর জার্সিটির দিকেই তাকিয়ে ছিলাম। আমার চোখ সেখানেই আটকে ছিল।’
মেসির পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সের প্রশংসা করে শশী লেখেন, ‘পরাজয়ের পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, জয় কীভাবে উপভোগ করতে হয়—সবই আমাদের শিখিয়েছ। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের মুগ্ধ করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।’
স্ট্যাটাসের শেষেও আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজের ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেন শশী। তাঁর ভাষায়, ‘আজকের দিনটা একসময় হারিয়ে যাবে, কিন্তু মেসি কখনো হারিয়ে যাবে না। তাই এখনো আমার কণ্ঠে একটাই ধ্বনি— মেসি সর্বকালের সেরা আর সেরা আর্জেন্টিনা।’
শশীর এই আবেগঘন স্ট্যাটাসে আর্জেন্টিনা ও মেসির অসংখ্য সমর্থক একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, একটি হার কখনোই মেসির কিংবদন্তি হয়ে ওঠার গল্পকে বদলে দিতে পারে না। এতে মেসির প্রতি ভালোবাসা একটুও কমবে না।
এসএন