প্রশ্ন হেমা মালিনীরএসব প্রতিবাদ করে কী হবে?
ছবি: সংগৃহীত
০১:৪৭ পিএম | ২১ জুলাই, ২০২৬
‘এসব প্রতিবাদ করে কী হবে?’ এমনই প্রশ্ন ছুড়ে দিয়ে বিতর্ক উসকে দিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য হেমা মালিনী। ভারতের জাতীয় প্রবেশিকা পরীক্ষা নিট -এর প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি নিয়ে উত্তাল দেশটির রাজনীতি ও রাজপথ। শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া পড়ুয়া ও আন্দোলনকারীদের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন তিনি।
সোমবার (২১ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাদল অধিবেশনের প্রথম দিনেই ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠনের আহ্বানে হাজার হাজার শিক্ষার্থী পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা শুরু করেন।
দীর্ঘ এক মাস ধরে যন্তর মন্তরে আন্দোলন চালানো এই সংগঠনটির মূল দাবি প্রশ্নফাঁসের সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনে একাত্মতা জানিয়ে টানা ২১ দিন অনশনে থাকা পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে সম্প্রতি বলপূর্বক হাসপাতালে পাঠায় পুলিশ।
সোমবার সকালে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগোতে থাকলে শ্রমশক্তি ভবনের কাছে তাদের পথরোধ করে দিল্লি পুলিশ। শুরু হয় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছত্রভঙ্গ করার চেষ্টার পরও শিক্ষার্থীরা সামনে এগোনোর চেষ্টা করলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই বিক্ষোভের কারণে সংসদের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে বলে দাবি করেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত।
ঘটনায় বিরক্তি প্রকাশ করে আরেক বিজেপি সাংসদ হেমা মালিনী রাজপথের এই প্রতিবাদকে অপ্রয়োজনীয় বলে আখ্যা দেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সংসদের কাজের ব্যাঘাত ঘটিয়ে আপনারা কী অর্জন করতে চাইছেন? বিক্ষোভের পরিবর্তে সুষ্ঠু ভাবে আলোচনা করুন। এসব প্রতিবাদ করে কী হবে?’
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোরালো দাবি প্রসঙ্গে সরকারকে সমর্থন জানিয়ে হেমা আরও বলেন, ‘মোদি সরকার সবসময় দেশের শিক্ষা ব্যবস্থার পাশে রয়েছে। অনেক ভাল কাজ হয়েছে। এখন ছাত্রদের এ সব নিয়ে যাঁরা কাজে লাগাচ্ছেন তারা যে কী পাচ্ছেন কে জানে?’
এসএন