'শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখব...,' শেহনাজের সঙ্গে ভিডিও ভাইরাল হতেই কড়া জবাব রাঘবের
ছবি: সংগৃহীত
০৬:৫২ পিএম | ২১ জুলাই, ২০২৬
বলিউড অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়াল এবং শেহনাজ গিলকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চা যেন থামছেই না। রাঘবের জন্মদিনের একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেই ক্লিপটিতে দেখা গিয়েছিল, কীভাবে ভিড় এবং পাপারাজ্জিদের জটলা থেকে শেহনাজ গিলকে আগলে রাখছিলেন রাঘব। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের হাত থেকে শেহনাজকে বাঁচিয়ে গাড়িতে বসে নিজের কোলে তুলে নেন রাঘব।
এই ঘটনার পরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। এর আগে সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এ একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের প্রেমের জোর গুঞ্জন শোনা গিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ভাইরাল ভিডিও এবং তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রাঘব। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, শেহনাজকে রক্ষা করা তাঁর কাছে কোনও প্রচার পাওয়ার মাধ্যম নয়, বরং এটি তাঁর পারিবারিক মূল্যবোধের শিক্ষা। রাঘব জানান, তাঁর বাবা-মা তাঁকে একজন প্রকৃত পুরুষ হিসেবে গড়ে তুলেছেন। তিনি এমন মানুষ নন যে কোনও নারীকে বিপদে বা হেনস্তার শিকার হতে দেখলে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবেন। অভিনেতা স্পষ্ট ভাষায় জানান, জীবন বা মৃত্যু পর্যন্ত তিনি তাঁর বন্ধু, পরিবার এবং যে কোনও নারীর সুরক্ষার জন্য লড়ে যাবেন।
তাঁর মতে, সমাজের কঠিন পরিস্থিতিতে নারীদের সুরক্ষা দেওয়াটাই একজন পুরুষের মূল দায়িত্ব। সেই সময় স্টার ইমেজ বা লোকলজ্জার কথা তাঁর মাথায় থাকে না। অন্যদিকে, এই গুঞ্জন নিয়ে শেহনাজ গিল ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ হলেও রাঘবকে নিজের ভাল বন্ধু বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি অনুরাগীদের রাঘবের আসন্ন ছবির পাশে দাঁড়ানোর এবং তাঁর কাজকে সমর্থন করার অনুরোধ জানিয়েছেন। সব মিলিয়ে বলিপাড়ায় এই জুটির কেমিস্ট্রি এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আরআই/টিএ