বিশ্বকাপ ফাইনালের আমেজে ফারিণের স্পেন সফর
ছবি: সংগৃহীত
০৯:২৯ পিএম | ২১ জুলাই, ২০২৬
ফিফা বিশ্বকাপে স্পেনের চমৎকার পারফরম্যান্স ও শিরোপা জয়ের আমেজেই নিজের স্পেন ভ্রমণের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্রমণের একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন এই তারকা। ক্যাপশনে তিনি সংক্ষেপে লিখেছেন- “In honor of the final, here’s my Spain dump” (ফাইনালের সম্মানে, এই রইল আমার স্পেন সফরের ছবি)। পোস্টের লোকেশন হিসেবে তিনি স্পেনের ঐতিহাসিক ও নান্দনিক স্থান ‘ইবিজা ওল্ড টাউন’ কে চিহ্নিত করেছেন।
প্রকাশিত ছবিগুলোতে ফারিণকে দেখা গেছে বেশ সতেজ ও ক্যাজুয়াল লুকে। সাদা টপস, ডার্ক স্কার্ট, মাথায় ব্যান্ড ও চোখে সানগ্লাস পরে তিনি ইবিজার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পাহাড়ি উঁচু স্থান থেকে পুরো শহরের দৃশ্য, মনোরম ইয়াটের পটভূমি কিংবা ফুলে ভরা রাস্তার নিচ দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্যগুলো সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।
ছবিগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বিমানে তোলা একটি ক্যান্ডিড ফ্রেম। সেখানে ফারিণের সঙ্গে পেছনের আসনে একজনকে দেখা যায়। ছবিটি জুম করে ভক্তদের অনেকেই মজার সব মন্তব্য করেছেন। ফেন্সি নামে এক ভক্ত লেখেন “জুম করে জামাই রে দেখলাম আপা”।
দীর্ঘ ইউরোপ সফরের অংশ হিসেবে এর আগে মিশর, লন্ডন, প্যারিস ও নেদারল্যান্ডসের দর্শনীয় স্থান ঘুরে দেখার ছবি প্রকাশ করেছিলেন ফারিণ। সেই সফরের ধারাবাহিকতায় এবার সামনে এল স্পেনের নান্দনিক মুহূর্তগুলো।
কাজের ক্ষেত্রে গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে মূলধারার চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিণের। আর চলতি বছরের রোজার ঈদে মেগাস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।
টিকে/