নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও বিতর্কে জাহ্নবী, সামনে এলো আসল তথ্য
ছবি: সংগৃহীত
১২:০৪ পিএম | ২২ জুলাই, ২০২৬
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে ‘অন্তরঙ্গ ভিডিও ফাঁস’ শিরোনামে বিভিন্ন পোস্ট ভাইরাল হলেও, ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
বরং আলোচনায় রয়েছে জাহ্নবীর নতুন সিনেমা এবং তার অভিনীত তেলেগু ছবি পেড্ডি-তে ‘আচিয়াম্মা’ চরিত্রকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, পাগলাইটখ্যাত নির্মাতা উমেশ বিস্তের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। ছবিটি প্রযোজনা করবে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স ও গুনীত মঙ্গার সিখ্যা এন্টারটেইনমেন্ট। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির নাম, গল্প কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, পেড্ডি সিনেমায় জাহ্নবীর ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়েও সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। অনেক দর্শকের অভিযোগ, কিছু দৃশ্যে চরিত্রের গভীরতার চেয়ে তার শারীরিক উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে অন্য একটি অংশের মত, এটি নির্মাতার সৃজনশীল সিদ্ধান্ত এবং এজন্য অভিনেত্রীকে দায়ী করা ঠিক নয়।
সমালোচনার মুখে ছবিটির পরিচালক বুচি বাবু সানা সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত দৃশ্যগুলো সিনেমা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত ‘অন্তরঙ্গ ভিডিও’ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ দাবির সত্যতা নিশ্চিত করার মতো কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসএন