দিল্লির আন্দোলনে নীরব থাকায় সমালোচনার মুখে আর মাধবন
ছবি: সংগৃহীত
০১:২৪ পিএম | ২৩ জুলাই, ২০২৬
দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এর চেয়ারম্যান আর মাধবন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আন্দোলন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করায় এফটিআইআইর একদল শিক্ষার্থী তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় মাধবনের কার্যালয়ের দরজায় ‘NEET For Sale’ লেখা পোস্টারও টাঙানো হয়। সেই বিক্ষোভের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে শিক্ষার্থীদের সংকটের সময় মাধবনের অবস্থান জানানো উচিত ছিল। কিন্তু তিনি এ বিষয়ে নীরব থেকেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘রং দে বাসন্তী’ ও ‘থ্রি ইডিয়টস’-এর মতো শিক্ষার্থী ও তরুণদের গল্পভিত্তিক সিনেমায় অভিনয় করা একজন অভিনেতা বাস্তবের এমন আন্দোলনে কেন কোনো মন্তব্য করছেন না।
প্রতিবাদসংক্রান্ত বিভিন্ন পোস্টে অভিনেতা অভয় ভার্মা ও অভিনেতা সোহম মজুমদার প্রতিক্রিয়া জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলন নিয়ে ইতোমধ্যে শাবানা আজমি, জিনাত আমান, অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিংসহ বলিউডের কয়েকজন তারকা প্রকাশ্যে মতামত দিয়েছেন। তবে আর মাধবন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
এসএন