‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়ার অভিনয়ে মুগ্ধ পশ্চিমবঙ্গের সমালোচকেরা
ছবি: সংগৃহীত
০১:৩২ পিএম | ২৩ জুলাই, ২০২৬
বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ পশ্চিমবঙ্গে মুক্তির পর দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। গত ১০ জুলাই মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি ২০২৩ সালের ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল।
প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের দাবি, মুক্তির পর থেকেই ছবিটির অধিকাংশ প্রদর্শনী হাউসফুল যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে জয়ার অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে।
সংবাদ প্রতিদিন তাদের পর্যালোচনায় লিখেছে, ‘মেঘনা’ চরিত্রে জয়া আহসান একেবারেই মানানসই। তার সংবেদনশীল অভিনয় ও চরিত্রের আবেগঘন উপস্থাপনা পুরো সিনেমাজুড়ে বিশেষভাবে দর্শকের নজর কাড়ে।
দ্য ওয়াল-এর মতে, কম সংলাপ থাকলেও জয়ার উপস্থিতি দীর্ঘস্থায়ী। অপরাধবোধ, দ্বিধা, ভালোবাসা ও অনিশ্চয়তায় আটকে থাকা এক নারীর মানসিক টানাপোড়েন তিনি সংযত অভিনয়ে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে চূর্ণী গাঙ্গুলীর সঙ্গে তার দৃশ্যগুলো ছবির আবেগকে আরও গভীর করেছে।
তবে টাইমস অব ইন্ডিয়া জয়ার অভিনয়ের প্রশংসা করলেও ‘মেঘনা’ চরিত্রের নির্মাণ নিয়ে কিছু প্রশ্ন তুলেছে। তাদের ভাষ্য, চরিত্রটির আবেগের যাত্রাপথ কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে জটিল হওয়ায় দর্শকের সহানুভূতি সব সময় সমানভাবে তৈরি হয় না।
অন্যদিকে দ্য টেলিগ্রাফ লিখেছে, প্রথম সিনেমার তুলনায় এবার ‘মেঘনা’ চরিত্রে আবেগ প্রকাশের সুযোগ কিছুটা কম থাকলেও জয়া সংযত ও বিশ্বাসযোগ্য অভিনয়ের মাধ্যমে চরিত্রটির ভেতরের দ্বন্দ্ব ও ভঙ্গুর মানসিক অবস্থাকে সফলভাবে তুলে ধরেছেন।
আরও আনন্দ-এর মূল্যায়নেও জয়া অভিনীত ‘মেঘনা’ চরিত্রটির প্রতি দর্শকের আলাদা মমত্ববোধ তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে।
সিনেমাটি নিয়ে এর আগে জয়া আহসান বলেছিলেন, প্রথম কিস্তির পর সময়ের সঙ্গে ‘মেঘনা’ চরিত্রটি আরও পরিণত হয়েছে। পরিবারে নিজের জায়গা তৈরি করলেও নতুন গল্পে তাকে আবারও নানা টানাপোড়েন ও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী।
এসএন