প্রথম সন্তানের অপেক্ষায় ‘বড় ছেলে’ নির্মাতা আরিয়ান
ছবি: সংগৃহীত
০১:৫২ পিএম | ২৩ জুলাই, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিবারে আসছে নতুন অতিথি। প্রথমবারের মতো বাবা হতে চলেছেন ‘বড় ছেলে’খ্যাত এই নির্মাতা। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী তাহসিন তামান্না।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবি বাম্পের কয়েকটি ছবি প্রকাশ করেন তাহসিন তামান্না। ছবিগুলোর সঙ্গে আবেগঘন ক্যাপশনে তিনি লেখেন, “আমরা তোমার ছোট্ট ছোট্ট লাথিগুলো গুনছি, তোমার জন্য প্রার্থনা করছি, আর স্বপ্ন দেখছি তোমার ছোট্ট মুখটি দেখার।’
এই পোস্ট প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন দম্পতি। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীরাও তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
গত বছরের ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করে সবাইকে চমকে দেন মিজানুর রহমান আরিয়ান। পরে তিনি জানান, তার স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রায় সাত বছর আগে তাদের পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় পরিণত হয় ভালোবাসায়। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
নির্মাতা হিসেবে মিজানুর রহমান আরিয়ানের যাত্রা শুরু হয় ‘তুমি আমি সে’ নাটক দিয়ে। তবে তাকে দেশের অন্যতম জনপ্রিয় নির্মাতার আসনে পৌঁছে দেয় ‘বড় ছেলে’। নাটকটি শুধু দর্শকপ্রিয়তাই পায়নি, বাংলা নাটকের ইতিহাসে অন্যতম আলোচিত কাজ হিসেবেও জায়গা করে নেয়।
এরপর একের পর এক জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বুকের বা পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘অবুঝ বালিকা, বুঝ বালক’, ‘চারুর বিয়ে’সহ আরও অনেক নাটক।
শুধু টেলিভিশন নাটকেই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন আরিয়ান। তার প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। পরে ‘পুনর্মিলনে’ নির্মাণ করেও তিনি দর্শকদের ইতিবাচক সাড়া পান।
এসএন