চুক্তি না হলে ইরানকে আরও মূল্য দিতে হবে, কড়া বার্তা মার্কো রুবিও’র
ছবি: সংগৃহীত
০৪:০৯ পিএম | ২৩ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে তেহরান দ্রুত সমঝোতায় না এলে তাদের আরও বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান (আসিয়ান) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘ইরান চুক্তির জন্য আকুতি জানাচ্ছে। কিন্তু তারা এখনও চুক্তি করতে প্রস্তুত নয়। যদি তারা এমন অবস্থানেই থাকে, তাহলে এর চড়া মূল্য তাদের দিতে হবে।’
তিনি বলেন, আমার মনে হয় না চুক্তি করার ব্যাপারে তেহরান আদৌ আন্তরিক। তাদের ক্ষেত্রে সমস্যা হলো এমন কারো সাথে চুক্তি করা যায় না যারা তা মেনে চলবে না।’ তিনি দাবি করেন, ‘ইরান যখনই কোনো চুক্তি করেছে, পরে সেটি ভঙ্গ করেছে অথবা শর্ত পরিবর্তনের চেষ্টা করেছে।’
রুবিও আরও বলেন, ‘ইরানের ওপর চাপ প্রতি রাতেই আরও বাড়বে, যতক্ষণ না তারা বাস্তবতা উপলব্ধি করছে।’ ইয়েমেন পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুতিরা যেন উত্তেজনা কমানোর পথে হাঁটে, সেটিই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। তার দাবি, ‘হুতিরা ইরানের ফাঁদে পা দিয়েছে।’
সৌদি আরবের সঙ্গে সম্প্রতি হওয়া বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়েও কথা বলেন মার্কির পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর চুক্তিটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদনের জন্য পাঠানো হবে।
রুবিও বলেন, ‘সৌদি আরব যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত মিত্র। আমরা সবসময় আমাদের মিত্রদের সঙ্গে সহযোগিতা চুক্তি করতে আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘যেসব দেশ শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিতে চায়, তারা যেন অন্য কোনো দেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে-আমরা সেটিই চাই।’
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যেই সৌদি আরবের সঙ্গে হওয়া এই পারমাণবিক সহযোগিতা চুক্তিটি কংগ্রেসে জমা দেবে। গত বছর রিয়াদে দুই দেশ এ বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে সই করেছিল।
সূত্র: আল জাজিরা
এমআর/টিএ