© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢালাই দেওয়ার পরপরই ধসে পড়ল নির্মাণাধীন ব্রিজের পাটাতন

শেয়ার করুন:
ঢালাই দেওয়ার পরপরই ধসে পড়ল নির্মাণাধীন ব্রিজের পাটাতন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৯ এএম | ২৪ জুলাই, ২০২৬
বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ ধসে পড়েছে। ফলে কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠি গ্রামে নির্মাণাধীন ব্রিজে এ ঢালাই ধসের ঘটনা ঘটে।

গৌরনদী উপজেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে আহম্মেদকাঠি গ্রামের মৃধাবাড়ির সামনে ব্রিজ নির্মাণের দরপত্র বিজয়ী হয় ডায়নামিক আইটি সপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আবুল ফয়েজ শরীফ নামের এক ঠিকাদার মূল ঠিকাদারের কাছ থেকে ক্রয় করে ব্রিজটি বাস্তবায়ন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজ নির্মাণে পাটাতন (সাটারিং) পুরোনো ও অনুপযুক্ত বাঁশ ব্যবহার করে পানির মধ্যে সাটারিং তৈরি করা হয়। ওই সাটারিংয়ের ওপর বুধবার দুপুরে ব্রিজের ঢালাই দেওয়া হয়। এতে ঢালাইয়ের চাপ সহ্য করতে না পেরে ঢালাইসহ পাটাতন খালের মধ্যে ধসে পড়ে।

ঠিকাদার আবুল ফয়েজ শরীফ বলেন, নিচের স্ট্রাকচার ভাল না থাকায় ঢালাই দেওয়ার শুরুতেই সাটারিং ভেঙে পড়েছে। এটা ঠিক করে দেওয়া হবে।

গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, আমাদের কাউকে না জানিয়ে ঠিকাদার ঢালাই দিয়েছেন। এখন শুনেছি সেটা খালের মধ্যে ভেঙে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম জানান, কাজের গুণগত মানে কোনো ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআই/টিএ

মন্তব্য করুন