© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আতিফ আসলামের কনসার্টের আয়োজকদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

শেয়ার করুন:
আতিফ আসলামের কনসার্টের আয়োজকদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩০ পিএম | ২৪ জুলাই, ২০২৬
কনসার্ট করতে ফের ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। গত বুধবার রাতে ঢাকায় পৌঁছান শিল্পী। এরপর বৃহস্পতিবার বিকেলে অংশ নেন একটি সংবাদ সম্মেলনে। কিন্তু এই সংবাদ সম্মেলন ঘিরে উঠল কিছু গুরুতর অভিযোগ। শোনা যাচ্ছে, মূলধারার গণমাধ্যমকে হটিয়ে ইউটিউবারদের অগ্রাধিকার দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান 'মেইন স্টেজ ইনকর্পোরেট'। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে, এই প্রেস কনফারেন্সটি বিক্রি হয়েছে, জড়িত রয়েছে 'সিন্ডিকেট' এর সঙ্গে। 

সামাজিক মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের পেজে দেখা গেছে আতিফ আসলামের সেই প্রেস কনফারেন্স এর ভিডিও। এর মাঝে রয়েছে হাতে গোনা কয়েকটা ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন, প্রিন্ট মিডিয়াও। কিন্তু ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা যায়, মূলধারার সাংবাদিকদের একাংশ এই সংবাদ সম্মেলনের প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন; তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট তালিকার দোহাই দিয়ে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হলেও অনায়াসে অনেক ইউটিউবারকে পাশ দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়। এমনকি ইউটিউবাররা মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানটি লাইভ করার সুযোগ পেলেও মূলধারার পেশাদার ক্যামেরা পারসনদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তারা আয়োজক কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সাথে একাধিকবার ফোনে এবং খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও কেউ সাড়া দেননি। গণমাধ্যমকে প্রচারের অংশ হিসেবে ব্যবহার করা সত্ত্বেও কেন তাদের সাথে এমন 'লুকোচুরি' করা হচ্ছে, তা নিয়ে তীব্র প্রশ্ন ও ক্ষোভ তুলেছেন সাংবাদিকরা।

সাংবাদিকেরা আরও অভিযোগ করেন, আতিফ আসলামের এই প্রেস কনফারেন্সটি একটি শক্তিশালী সিন্ডিকেটের কবলে পড়েছে। অভিযোগ উঠেছে, টাকা খাইয়ে ইউটিউবারদের ভেতরে ঢোকানো হয়েছে এবং পুরো প্রেস মিটটি একপ্রকার ‘বিক্রি’ করে দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা একে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রির জন্য একটি "উজ্জ্বল কলঙ্কজনক দৃষ্টান্ত" হিসেবে অভিহিত করেন।

শুধু তাই নয় অনুষ্ঠানের ইনচার্জ এবং আয়োজকদের অন্যতম সদস্য আনন্দ চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। জানা গেছে, আনন্দ চৌধুরী ইতোপূর্বে অ্যাসেন কমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দর্শকদের টাকা আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। এবার 'মেইনস্টেজ ইনকর্পোরেট' বা নতুন পরিচয়ে তারা এই কনসার্টের আয়োজন করছে, যা নিয়ে জনমনে নতুন করে প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে।

এত সকল গুরুতর অভিযোগ ওঠার পর আনন্দ চৌধুরীর সঙ্গে আলাদা করে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়; তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এছাড়াও 'মেইন স্টেজ ইনকর্পোরেট' এর একাধিক কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেও তাদের মেলেনি। 

এসএন 

মন্তব্য করুন