‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ গান প্রসঙ্গে কোন তথ্য জানালেন রাজকুমার?
ছবি: সংগৃহীত
০১:০০ পিএম | ২৪ জুলাই, ২০২৬
নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তবে সেই অবস্থান প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
ইনস্টাগ্রামে শিক্ষার্থীদের সমর্থনে একটি পোস্ট দেওয়ার পর এক নেটিজেন রাজকুমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ প্রচারণামূলক গানে অংশ নেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন। ওই মন্তব্যে নেটিজেন দাবি করেন, সেই গানে অংশ নিয়ে অভিনেতা তার প্রতি শ্রদ্ধা নষ্ট করেছেন।
এর জবাবে রাজকুমার একটি দীর্ঘ মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, “আমি কখনও নিজের আত্মাকে বিক্রি করতে পারি না। একটি গান দিয়ে আমি কে বা কী বিশ্বাস করি, তা বিচার করা যায় না। আপনি কখনও চাপটা বুঝতে পারবেন না। আমি সবসময় সঠিক বিষয়ের পাশে থাকি এবং মানুষের ঐক্যে বিশ্বাস করি।”
অভিনেতা আরও বলেন, যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা তার অবস্থান সম্পর্কে জানেন। পাশাপাশি সমালোচকের প্রতি শুভকামনাও জানান তিনি।
তবে কিছু সময় পর রাজকুমার ওই মন্তব্যটি মুছে ফেলেন। এর আগেই অনেক ব্যবহারকারী মন্তব্যটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
বিশেষ করে তার মন্তব্যে থাকা “আপনি কখনও চাপটা বুঝতে পারবেন না” বাক্যটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, পুরোনো ওই প্রচারণামূলক গানে অংশ নেওয়ার প্রসঙ্গেই তিনি এই ‘চাপ’-এর কথা বলেছেন। তবে রাজকুমার কোথাও স্পষ্ট করে জানাননি, তিনি ঠিক কী ধরনের চাপের কথা উল্লেখ করেছেন বা তাকে ওই গানে অংশ নিতে বাধ্য করা হয়েছিল কি না।
এসএন