© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্দোলনে শাহরুখের সমর্থনের দাবি নিয়ে ভাইরাল স্ক্রিনশটটি ফেক

শেয়ার করুন:
আন্দোলনে শাহরুখের সমর্থনের দাবি নিয়ে ভাইরাল স্ক্রিনশটটি ফেক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ২৪ জুলাই, ২০২৬
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে বলিউড তারকা শাহরুখ খান সমর্থন জানিয়েছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভুয়া। শাহরুখ খান তার কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কোনো বক্তব্য দেননি।

ভাইরাল স্ক্রিনশটে দাবি করা হয়, শাহরুখ আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে লিখেছেন, বই, কলম ও কণ্ঠের শক্তিতেই তারা সত্যিকারের লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে আরও বলা হয়, এই আন্দোলন শুধু একটি পরীক্ষার জন্য নয়, বরং একটি স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থার দাবিতে। পাশাপাশি তিনি মানসিকভাবে শিক্ষার্থীদের পাশে থাকার কথাও বলেছেন বলে উল্লেখ করা হয়।

স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেন, এতদিনের নীরবতা ভেঙে আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড বাদশাহ।



তবে অনুসন্ধানে দেখা গেছে, শাহরুখ খানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট নেই। মূলত তার নামে পরিচালিত একটি ফ্যান পেজে আন্দোলনসংক্রান্ত একটি পোস্ট প্রকাশিত হয়। সেখান থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত দিল্লির শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখ খান প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এ প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেন।

এই আন্দোলনে ইতোমধ্যে বলিউডের বেশ কয়েকজন তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। তারা কেউ রাজপথে উপস্থিত হয়ে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন।

এসএন 

মন্তব্য করুন