দিল্লির বিক্ষোভে ছররা গুলির প্রমাণ, পুলিশের অস্বীকার
ছবি: সংগৃহীত
০৩:৪৬ পিএম | ২৪ জুলাই, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে ছররা গুলি বা পেলেট ব্যবহারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। একটি সরকারি হাসপাতালের চিকিৎসা নথিতে এক বিক্ষোভকারীর শরীরে পেলেটের আঘাতের উল্লেখ থাকলেও এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২০ জুলাই পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করে সিজেপি। আন্দোলনকারীদের অভিযোগ, সেদিন তাদের ছত্রভঙ্গ করতে অতিরিক্ত বলপ্রয়োগের পাশাপাশি পেলেট গানও ব্যবহার করা হয়।
এনডিটিভির হাতে আসা সফদরজং হাসপাতালের একটি কেস শিটে ২৮ বছর বয়সী এক বিক্ষোভকারীর ডান কনুই ও পিঠে পেলেটের আঘাতের কথা উল্লেখ রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে বলা হয়েছে, ক্ষতের চারপাশে কালচে দাগ, ব্যথা এবং শরীরে গুলির টুকরো আটকে থাকার প্রমাণ মিলেছে।
তবে দিল্লি পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেলেট গান সাধারণত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ব্যবহার করে। ২০ জুলাইয়ের বিক্ষোভে দিল্লি পুলিশের পাশাপাশি আরএএফও মোতায়েন ছিল। তবে এ বিষয়ে সিআরপিএফ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এদিকে আহতদের মধ্যে সাহিল লোচাব নামে এক বিক্ষোভকারীর ডান চোখে ছররা গুলি লাগার অভিযোগও উঠেছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে এবং আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এছাড়া শেখ মনসুরি নামে আরেক বিক্ষোভকারীর মুখমণ্ডলে একাধিক ছররা গুলির আঘাতের অভিযোগ রয়েছে।
ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগের তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দমনে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন বিল আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হবে।
সূত্র: এনডিটিভি
এসএন