‘আমার সঙ্গী অর্ধেক ভারতীয়’: বর্ণবাদের অভিযোগ অস্বীকার ইলন মাস্কের
ছবি: সংগৃহীত
০৯:৩৩ এএম | ২৫ জুলাই, ২০২৬
টেসলা ও স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক তার বিরুদ্ধে ওঠা বর্ণবাদী অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ককে যখন বলা হয়, ‘মানুষ বলে আপনি বর্ণবাদী’—তখন তিনি এর জবাবে বলেন, ‘আমার সঙ্গী অর্ধেক ভারতীয়।’
মাস্ক জানান, তার সঙ্গী শিভন জিলিস অর্ধেক ভারতীয় এবং তাদের চারটি সন্তান রয়েছে। তাদের এক সন্তানের মধ্য নাম রাখা হয়েছে শেখর যা ভারতীয়-আমেরিকান নোবেলজয়ী পদার্থবিদ সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর-এর নাম থেকে নেওয়া।
শিভন জিলিস ২০১৭ সালে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান নিউরালিংক-এ যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্টস-পদে আছেন।
‘আমি বর্ণবাদী নই’: ইলন মাস্ক
বর্ণবাদের অভিযোগের বিষয়ে মাস্ক বলেন, আই উড সে আই অ্যাম নট আ রেসিস্ট অর্থাৎ, ‘আমি বলব, আমি বর্ণবাদী নই।’
তিনি আরও দাবি করেন, তার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জাতি ও বর্ণের মানুষ গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন এবং সেখানে তিনি কোনো বর্ণবাদ দেখতে পান না।
মাস্ক ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি ডোজের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়েও কথা বলেন।
তিনি বলেন, সরকারি আমলাতন্ত্র কমানো, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করা এবং সরকারি প্রযুক্তি আধুনিক করাই ছিল এর উদ্দেশ্য।
মাস্ক বলেন,সত্যি বলতে, আমি হয়তো ডোজ-এর কাজে একটু বেশি জড়িয়ে পড়েছিলাম। এখন মনে হয়, এর পরিবর্তে আমার নিজের প্রতিষ্ঠানগুলোর কাজে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল।”
‘আমি ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে’
মুসলিমবিরোধী কি না—এমন প্রশ্নের উত্তরে মাস্ক বলেন,আই অ্যাম এগেইনস্ট রেপ অ্যান্ড মার্ডার অর্থাৎ, ‘আমি ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে।’
তিনি বলেন, কোনো দেশে এমন কোনো নিয়ম বা আইন চাপিয়ে দেওয়ার বিরোধী তিনি, যা ওই দেশের প্রচলিত মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।
ক্রিস্টোফার নোলানকে ‘অ্যান্টি-হোয়াইট রেসিস্ট’ বললেন মাস্ক।
সম্প্রতি চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলানকে ‘অ্যান্টি-হোয়াইট রেসিস্ট’ বলে মন্তব্য করেন ইলন মাস্ক।
বিতর্কের সূত্রপাত হয় নোলানের ২০২৬ সালের চলচ্চিত্র দ্য অডিসির কাস্টিং নিয়ে। সিনেমাটিতে হেলেন অব ট্রয় চরিত্রে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং’ওকে নেওয়া হয়েছে।
এক ব্যবহারকারী দাবি করেন, গ্রিক কবি হোমারের মূল রচনায় হেলেনকে ফর্সা ত্বক ও স্বর্ণকেশী হিসেবে বর্ণনা করা হয়েছিল।
এর জবাবে মাস্ক বলেন, নোলান তার সৃজনশীল সততা হারিয়েছেন এবং হোমারের ঐতিহ্যের প্রতি অসম্মান করছেন।
গ্রক ইমাজিন নিয়ে মাস্কের দাবি
মাস্ক আরও বলেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর ভিডিও তৈরির টুল গ্রক ইমাজিন ব্যবহার করে বছরের শেষ নাগাদ দ্য অডিসির একটি ‘ঐতিহাসিকভাবে সঠিক’ চলচ্চিত্র তৈরি করা সম্ভব হতে পারে।
সূত্র: এনডিটিভি
এমআর/টিএ