‘সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি’- মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত
০১:৩৬ পিএম | ২৫ জুলাই, ২০২৬
চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলেন, নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির দাবি জানানো শিক্ষার্থীদের ওপর সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা বলেন রাহুল।
পোস্টে তিনি লেখেন, ‘নিজেদের অধিকার দাবি করা শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকার এই নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছে।’
তিনি আরও লেখেন, ‘মেট্রো বন্ধ করো, রাস্তা বন্ধ করো, দোকান বন্ধ করো, ইন্টারনেট বন্ধ করো, খাবার বন্ধ করো।’
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, ‘কিন্তু একটি জিনিসই আপনারা বন্ধ করতে পারেননি, মিস্টার মোদি—প্রশ্নফাঁস।’
এদিকে আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে। মদের দোকানগুলোকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল করে সবাইকে দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
অন্যদিকে, কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে সরকার রাজি না হলে আর আলোচনার কোনো অর্থ নেই।
শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা লেখেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো আপস হবে না। সরকার যদি এতে রাজি না হয়, তাহলে আর আলোচনার কোনো মানে নেই।’
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
টিএ/