© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি

শেয়ার করুন:
শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ পিএম | ২৫ জুলাই, ২০২৬
আসামের রাজ্য রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রে রাজস্ব মন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচালে আয়োজিত শিক্ষার্থীদের একটি প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়ে তিনি কেন্দ্র ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেন, যা রাজ্য সরকার তথা ক্ষমতাসীন জোটের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’-র বিতর্কিত প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগে এই বিক্ষোভের আয়োজন করে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দিবিসা মহন্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। এ সময় তাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সরাসরি স্লোগান তুলতে দেখা যায়। 

দিবিসা মহন্তের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

তার বাবা কেশব মহন্ত আসামের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দল ‘অসম গণ পরিষদ’ (এজিপি)-এর দ্বিতীয় শীর্ষ নেতা। এজিপি বর্তমানে আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল। 

২০১৬ সাল থেকেই কেশব মহন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। জোট সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীর মেয়ে হয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন সরাসরি প্রতিবাদে নামায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীন দল। 

ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এটি শিক্ষার্থীদের একটি স্বাভাবিক প্রতিবাদ এবং আমরা তাদের দাবি ও যুক্তিকে সম্মান জানাই। আমাদের প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।’ 

বর্তমান রাজ্য পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একই সঙ্গে আসাম এখন বন্যার কারণে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই আমি সবাইকে অনুরোধ করব যেন এই মুহূর্তে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দিকেই সবার নজর থাকে।’ 

প্রতিবাদ সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাচালের নির্ধারিত স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ানো নিয়ে আসামের রাজনীতিতে তোলপাড় অব্যাহত রয়েছে। 

কেএন/টিকে


মন্তব্য করুন