© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকাই সিনেমায় পা রাখছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা!

শেয়ার করুন:
ঢাকাই সিনেমায় পা রাখছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ পিএম | ২৬ জুলাই, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে এবার বাংলাদেশের বড় পর্দায় দেখা যেতে পারে। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন, নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নন সংশ্লিষ্টরা।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। এরপর ‘চিনি’সহ একাধিক সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।

বাংলাদেশে এর আগে বড় পর্দায় কাজ না করলেও, ২০১৬ সালে এনটিভির নাটক মেঘবালিকা-তে অভিনয় করেছিলেন তিনি। ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করলে সেটিই হবে বাংলাদেশের চলচ্চিত্রে তার প্রথম সিনেমা।

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হবে ‘গুলশানের চামেলি’। ছবির কেন্দ্রীয় চরিত্র একজন নারী, যার জীবনকে ঘিরেই এগোবে পুরো গল্প।

এ বিষয়ে নির্মাতা মোহাম্মদ ইকবাল বলেন, এখনই কোনো মন্তব্য করতে চান না। কয়েক দিনের মধ্যেই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নানা কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। নতুন পরিকল্পনায় এবার ছবিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএন 

মন্তব্য করুন