নিয়মিত জিমে যান না, তবে কীভাবে নিজেকে ফিট রাখেন জয়া!
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ২৬ জুলাই, ২০২৬
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে প্রায়ই ঢাকা ও কলকাতার মধ্যে ছুটে বেড়াতে হয়। সিনেমার শুটিং, প্রচারসহ নানা ব্যস্ততার মধ্যেও তার ফিটনেস ও তারুণ্য সবসময়ই আলোচনায় থাকে। সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিণী’ সিনেমার প্রচারণায় ভারতীয় দৈনিক আনন্দবাজার-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফিটনেসের রহস্য জানিয়েছেন এই অভিনেত্রী।
জয়া জানান, তিনি নিয়মিত জিম করেন না। নতুন কোনো সিনেমার শুটিংয়ের আগে কয়েক মাস পিলাটিজ করলেও বছরের বেশির ভাগ সময় প্রচলিত জিম রুটিন অনুসরণ করেন না।
তার ভাষায়, “জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আমি যেমন চাষ করি। মাটি তৈরি করা থেকে শুরু করে দরকার হলে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।”

জয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখলেই দেখা যায়, বাংলাদেশের বাড়ির বাগানে তিনি নানা ধরনের সবজি চাষ করেন। সেই সবজিই নিয়মিত তার খাবারের তালিকায় থাকে। নিজের হাতে চাষ করা খাবার খেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
তবে বাইরে খাওয়া একেবারেই এড়িয়ে চলেন না। পিৎজা তার প্রিয় খাবারের একটি। তবে জাঙ্ক ফুড খুব বেশি খান না। এ বিষয়ে জয়া বলেন, “যদি কখনো জাঙ্ক ফুড খেয়েও ফেলি, তা নিয়ে অপরাধবোধে ভুগি না। মাঝে মাঝে মন ও আত্মাকেও খাওয়ানো উচিত। খুব বেশি সতর্ক হয়ে গেলে খাবার উপভোগ করবেন কীভাবে?”
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’-তে আবারও ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
এসএন