দেশের স্বার্থে ট্রাম্পের বিরুদ্ধে যেতেও প্রস্তুত: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:০৭ পিএম | ২৬ জুলাই, ২০২৬
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, ব্রিটেনের 'জাতীয় স্বার্থকে' তিনি সবার আগে অগ্রাধিকার দেবেন। সঠিক মনে হলে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতেও তিনি প্রস্তুত আছেন।
বিবিসিকে দেওয়া এই একান্ত সাক্ষাৎকারে বার্নহ্যাম জানান, ট্রাম্পের সঙ্গে তার প্রথম ফোনালাপ বেশ ভালো ও উষ্ণ ছিল। তবে মার্কিন প্রেসিডেন্টকে তিনি বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে তিনি বলেন, 'এটি একটি পরিবর্তনশীল বিশ্ব এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের মূল্যায়ন করতে হবে।'
তিনি আরও বলেন, ব্রিটেনের জন্য সঠিক হলে ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করতে বা নিজের আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরতে তিনি কখনোই পিছপা হবেন না।
ইরানের সঙ্গে ট্রাম্পের সংঘাত শুরুর বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যা সঠিক মনে হবে তা বলতে তিনি দ্বিধা করবেন না। তার এই মন্তব্যের প্রেক্ষিতে কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলপ বলেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের দীর্ঘদিনের মিত্র এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রয়োজন। তবে তারা এমন কিছু করলে যার সঙ্গে যুক্তরাজ্য একমত নয়, তা সততার সঙ্গে বলা উচিত।
সাক্ষাৎকারে ২০২৯ সালের আগে আগাম নির্বাচনের সম্ভাবনাও প্রথমবারের মতো সরাসরি নাকচ করে দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেন, জনগণ আগাম নির্বাচন চায় না, তাই দেশের পরিস্থিতি সঠিক পথে ফিরিয়ে আনার দিকেই তার মূল মনোযোগ।
সূত্র: বিবিসি
এমআই/এসএন