কৃতি সেননের ফিটনেস রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম কোনটি?
ছবি: সংগৃহীত
০৭:২১ পিএম | ২৬ জুলাই, ২০২৬
অভিনেত্রী কৃতি সেননের টোনড ফিগার ও শক্তিশালী কোর পেশি বরাবরই ভক্তদের নজর কাড়ে। সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমার জন্য তার শারীরিক পরিবর্তনও বেশ আলোচনায় এসেছে। নিয়মিত হাঁটা, শক্তিবর্ধক ব্যায়াম, প্রোটিনসমৃদ্ধ খাদ্য ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি তার ফিটনেস রুটিনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে একটি সহজ ব্যায়াম—লেগ রেজ।
এই ব্যায়াম করতে কোনো জিমের যন্ত্রের প্রয়োজন হয় না। শুধু একটি ম্যাট বা সমতল জায়গাই যথেষ্ট। দেখতে সহজ হলেও শুরুতে এটি কিছুটা কঠিন মনে হতে পারে।
ফিটনেস প্রশিক্ষক সঞ্চিতা বিজয়বর্গীয়ের মতে, লেগ রেজ শুধু পেটের ওপরের পেশিই নয়, শরীরের গভীর কোর পেশিগুলোকেও সক্রিয় করে। পাশাপাশি মেরুদণ্ড স্থির রেখে পায়ের নড়াচড়া নিয়ন্ত্রণের দক্ষতা বাড়ায়, যা শক্তিশালী কোর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসকদের মতে, এই ব্যায়ামে পেটের সামনের অংশের পাশাপাশি নিতম্ব ও গভীর কোর পেশিও সক্রিয় হয়। ফলে শরীরের ভারসাম্য ও ভঙ্গি উন্নত হতে পারে।
যেভাবে করবেন লেগ রেজ
চিত হয়ে শুয়ে দুই পা সোজা রাখুন।
হাত শরীরের পাশে বা নিতম্বের নিচে রাখুন।
ধীরে ধীরে দুই পা একসঙ্গে ৯০ ডিগ্রি বা যতটা সম্ভব ওপরে তুলুন।
কয়েক সেকেন্ড ধরে রেখে ধীরে ধীরে নিচে নামান, তবে পা যেন মাটি স্পর্শ না করে।
পুরো সময় পেটের পেশি টানটান রাখুন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিন।
পা নামানোর সময় কোমর বা মেরুদণ্ডের নিচের অংশ যেন মাটি থেকে উঠে না যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যায়ামে সবচেয়ে সাধারণ ভুল হলো পা নামানোর সময় কোমর উপরে উঠে যাওয়া। এতে কোরের বদলে অন্য পেশিতে চাপ পড়ে।
তবে যাদের কোমর বা মেরুদণ্ডে সমস্যা রয়েছে, তাদের অবশ্যই প্রশিক্ষকের পরামর্শে এই ব্যায়াম করা উচিত। এছাড়া শুধু লেগ রেজ করলেই টোনড অ্যাবস বা ‘বিকিনি বডি’ পাওয়া সম্ভব নয়। এর সঙ্গে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ।
এসএন