© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের সিনেমার জাতীয় পুরস্কার নিয়ে বিতর্ক, নীরবতা ভাঙলেন ধানুশ

শেয়ার করুন:
নিজের সিনেমার জাতীয় পুরস্কার নিয়ে বিতর্ক, নীরবতা ভাঙলেন ধানুশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ২৭ জুলাই, ২০২৬
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘রায়ান’ সিনেমার সেরা তামিল ছবির পুরস্কার লাভ নিয়ে তৈরি হওয়া সমালোচনা ও বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ ভারতীয় তারকা ধানুশ।  

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ওই বছর ‘রায়ান’-এর চেয়েও ভালো কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। তবে একই সঙ্গে নিজের পরিশ্রম ও প্রাপ্ত এই স্বীকৃতিকে অবহেলা না করে তা উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে চলা বিতর্ক প্রসঙ্গে ধানুশ বলেন, ‘রায়ান’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে তিনি এও মনে করেন, ওই বছর নিশ্চিতভাবেই এর চেয়েও ভালো কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। যেসব দর্শক ওই সিনেমাগুলোর পক্ষে কথা বলছেন, তাদের ভালোবাসার প্রতি তিনি পূর্ণ সম্মান জানান।



অভিনয় জীবনে অতীতে পুরস্কার না পাওয়ার নানা স্মৃতি তুলে ধরে ধানুশ জানান, ‘আধু ওরু কনা কালাম’, ‘পাধুপেট্টাই’, ‘মায়াক্কাম এন্না’, ‘ভাদা চেন্নাই’, ‘কার্নান’, ‘মারিয়ান’ ও ‘রাঞ্জনা’র মতো বেশ কিছু চলচ্চিত্রে তিনি প্রশংসা করার মতো অভিনয় করেছিলেন। ভক্তরা আশা করলেও সে সময় তিনি জাতীয় পুরস্কার পাননি। 

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমার জন্য অভিনয় বিভাগে ‘বিশেষ উল্লেখ’ (স্পেশাল মেনশন) সম্মাননাও পেয়েছেন ধানুশ। পাশাপাশি তার পরিচালিত ও অভিনীত ‘রায়ান’ সেরা তামিল সিনেমা হিসেবে পুরস্কার পায়। 

তবে ঘোষণার পর থেকেই নেটিজেনদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেন। অনেক দর্শকের মতে, বিজয় সেতুপতির ‘মহারাজা’ কিংবা কার্তি ও অরবিন্দ স্বামীর ‘মেইয়াঝাগান’ সিনেমা দুটি সেরা তামিল ছবির পুরস্কারের জন্য বেশি যোগ্য ছিল। বক্স অফিসে ব্যবসাসফল হলেও সমালোচকদের কাছ থেকে ‘রায়ান’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

কেএন/টিকে

মন্তব্য করুন