জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী কৃতি স্যাননের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৪:২৮ পিএম | ২৭ জুলাই, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন অভিনয় দক্ষতা ও বৈচিত্র্যময় চরিত্রের মাধ্যমে অল্প সময়েই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দুটি ফিল্মফেয়ার পুরস্কারজয়ী এই অভিনেত্রী ২০১৯ সালে ফোর্বস ইন্ডিয়ার ‘সেলিব্রিটি ১০০’ তালিকাতেও জায়গা করে নেন।
অভিনয়ে আসার আগে কৃতি স্যানন জেপি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে কিছুদিন ফ্যাশন মডেল হিসেবে কাজ করার পর চলচ্চিত্রে পা রাখেন।
২০১৪ সালে তেলেগু সিনেমা ‘১: নেনোক্কাদিনে’ এবং হিন্দি ছবি ‘হিরোপান্তি’ দিয়ে তার অভিনয়জীবনের সূচনা হয়। প্রথম বলিউড সিনেমাতেই অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ফিল্মফেয়ার ‘সেরা নবাগত অভিনেত্রী’ পুরস্কার অর্জন করেন।

এরপর ‘দিলওয়ালে’, ‘বেরেলি কি বরফি’, ‘লুকা চুপি’ এবং ‘হাউসফুল ৪’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। বিশেষ করে রোমান্টিক ও কমেডি ঘরানার চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়।
তবে কৃতি স্যাননের ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় আসে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিমি’ সিনেমার মাধ্যমে। সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে তিনি সমালোচক ও দর্শক—উভয়ের প্রশংসা অর্জন করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
অভিনয়ের পাশাপাশি নিজের পরিশ্রম, দক্ষতা ও ভিন্নধর্মী চরিত্র নির্বাচনের মাধ্যমে কৃতি স্যানন বর্তমানে বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।
এসএন