© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ দিনেই ২০০ কোটির ক্লাবে থালাপতি বিজয়ের ‘জন নায়গন’

শেয়ার করুন:
৪ দিনেই ২০০ কোটির ক্লাবে থালাপতি বিজয়ের ‘জন নায়গন’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ পিএম | ২৭ জুলাই, ২০২৬
থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জনা নায়গন’ মুক্তির প্রথম দিনে প্রত্যাশিত সাড়া না পেলেও সপ্তাহান্তে ঘুরে দাঁড়িয়ে বক্স অফিসে দারুণ সাফল্য দেখিয়েছে। চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২১৭ কোটি রুপিতে পৌঁছেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২৩ জুলাই মুক্তির দিন তামিলনাড়ুর অধিকাংশ প্রেক্ষাগৃহে সিনেমাটির শো ছিল হাউসফুল। তবে রাজ্যের বাইরে ব্যবসা তুলনামূলক কম হওয়ায় প্রথম দিনে বিশ্বজুড়ে আয় দাঁড়ায় ৭৮ কোটি রুপি। মুক্তির আগে উদ্বোধনী দিনে ১০০ কোটি রুপি আয়ের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি।



তবে দ্বিতীয় দিন কিছুটা ধীরগতির পর সপ্তাহান্তে সিনেমাটি আবার গতি পায়। শনিবার ভারতে ছবিটির নেট আয় ছিল ২৮ দশমিক ৯০ কোটি রুপি এবং রোববার আয় করে আরও ৩২ কোটি রুপি। চার দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি, আর গ্রস আয় ১৪৬ কোটি রুপি।

বিদেশের বাজারেও ভালো সাড়া পেয়েছে ‘জনা নায়গন’। যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার শো থেকেই প্রথম দিনে ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করে সিনেমাটি। অন্যান্য আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম দিনের আয় ছিল আরও ১০ লাখ মার্কিন ডলারের বেশি।

রোববার পর্যন্ত আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির মোট আয় ৭৫ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১৭ কোটি রুপি। এর মাধ্যমে চলতি বছরে সূরিয়ার ‘করুপ্পু’-এর পর ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়া দ্বিতীয় তামিল সিনেমা হলো ‘জনা নায়গন’।

এইচ. ভিনোথ পরিচালিত সিনেমাটি রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র। এতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ ও নারাইন।

মন্তব্য করুন