ওড়িশার জ্যোতির্ময়ীর হাতে উঠলো ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর ট্রফি
ছবি: সংগৃহীত
০৫:২৪ পিএম | ২৭ জুলাই, ২০২৬
ভারতের জনপ্রিয় সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৬তম আসরের বিজয়ী হয়েছেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক। প্রায় ১০ মাসের প্রতিযোগিতা শেষে রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
ফাইনালে জ্যোতির্ময়ীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মাইসকমি বসু, সুহাইল সুফি ও তানিষ্ক শুক্লা। দর্শকদের সর্বাধিক ভোট পেয়ে ট্রফি জেতেন জ্যোতির্ময়ী। প্রথম রানার-আপ হয়েছেন জবলপুরের তানিষ্ক শুক্লা এবং তৃতীয় স্থান অর্জন করেন মনরাজ বীর সিং।
বিজয়ী হিসেবে ট্রফির পাশাপাশি ২০ লাখ রুপি পুরস্কার পেয়েছেন জ্যোতির্ময়ী। অন্য রানার-আপরা পেয়েছেন ৫ লাখ রুপি করে।
বিজয়ের পর আবেগাপ্লুত জ্যোতির্ময়ী বলেন, ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৬-এর বিজয়ী হওয়া এখনো আমার কাছে স্বপ্নের মতো। অডিশন থেকে শুরু করে এই মঞ্চে পৌঁছানোর পুরো যাত্রা আমার জীবন বদলে দিয়েছে। প্রতিটি পারফরম্যান্স আমাকে আরও ভালো শিল্পী ও মানুষ হিসেবে গড়ে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘আমার প্রতিভা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও ফ্রিম্যান্টল-এর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা জ্যোতির্ময়ী নায়ক ইতোমধ্যেই কয়েকটি ওড়িয়া সিনেমায় প্লেব্যাক করেছেন। সংগীতকে তিনি শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের মানসিক শক্তি বাড়ানোর উপায় হিসেবেও দেখেন। নিয়মিত ক্যানসার আক্রান্ত ও মানসিক অবসাদে ভোগা রোগীদের গান শোনানোর পাশাপাশি ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে সংগীতভিত্তিক থেরাপিতেও যুক্ত রয়েছেন।
এসএন