© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সত্যজিৎ রায়কে নিয়ে ক্রিস্টোফার নোলান'পথের পাঁচালী আমাকে অভিভূত করেছে'

শেয়ার করুন:
'পথের পাঁচালী আমাকে অভিভূত করেছে'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ২৭ জুলাই, ২০২৬
সিনেমার ভাষা দেশ-কাল-সীমানা মানে না— সেটিই যেন আবারও প্রমাণ করলেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। হলিউডের এই কিংবদন্তি এবার মুগ্ধতা প্রকাশ করলেন ভারতীয় চলচ্চিত্রের আরেক কিংবদন্তি সত্যজিৎ রায়কে নিয়ে। তার ভাষায়, ‘পথের পাঁচালী আমাকে অভিভূত করেছে।’

সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ক্রাইটেরিয়ন ক্লোজেট পরিদর্শন করেন নোলান। বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্রের এই সংগ্রহশালায় গিয়ে তিনি সত্যজিৎ রায়ের ‘দ্য অপু ট্রিলজি’ বেছে নেন এবং তাকে সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিহিত করেন।

ক্রাইটেরিয়ন কালেকশনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিজের প্রিয় চলচ্চিত্র বেছে নেয়ার সময় সত্যজিৎ রায়ের প্রসঙ্গ টেনে নোলান বলেন, ‘দ্য অপু ট্রিলজির শুরু পথের পাঁচালী দিয়ে, যা একেবারেই অবিশ্বাস্য একটি চলচ্চিত্র। এটি আমাকে অভিভূত করেছে। ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় অংশ এখনো দেখা হয়নি। তাই এগুলো সংগ্রহ করে পুরো গল্পটি সম্পন্ন করতে পারব ভেবে আমি বেশ রোমাঞ্চিত।’

নোলানের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। একজন ভক্ত লেখেন, এক সর্বকালের সেরা আরেক সর্বকালের সেরার প্রশংসা করছেন। আরেকজন মন্তব্য করেন, একজন মাস্টারই আরেকজন মাস্টারের মূল্য বোঝেন। কেউ কেউ আবার বিস্ময় প্রকাশ করে বলেন, নোলান এখনো ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ দেখেননি— এটিই সবচেয়ে চমকপ্রদ।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য অপু ট্রিলজি’-তে রয়েছে ‘পথের পাঁচালী’ (১৯৫৫), ‘অপরাজিত’ (১৯৫৬) এবং ‘অপুর সংসার’ (১৯৫৯)। অপুর শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই তিনটি চলচ্চিত্র, বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। ট্রিলজিটি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি কান, বার্লিন ও ভেনিস চলচ্চিত্র উৎসবেও একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে।

এদিকে নোলানের সর্বশেষ চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বক্স অফিসেও দারুণ সাফল্য পাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি ২৬ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে। ভারতে প্রথম সপ্তাহে ১০০ কোটির বেশি রুপি আয় করে এটি চলতি বছরের সর্বোচ্চ আয় করা হলিউড সিনেমায় পরিণত হয়েছে। বিশ্বব্যাপী ছবিটির আয় ইতোমধ্যে ৩৫ কোটি ডলার ছাড়িয়েছে।

এসএন 

মন্তব্য করুন