শুধু সরকারের ওপর নির্ভর নয়, সচেতন নাগরিক হতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
১০:১০ পিএম | ২৭ জুলাই, ২০২৬
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০ কোটি মানুষের দেশে সবকিছু সরকারের ওপর ছেড়ে দিলে সম্ভব হবে না। প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে, নিজেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বিশেষ করে নারী ও শিশুদের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সোমবার (২৭ জুলাই) বিকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। জাতীয় পর্যায়েও কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। সবাই ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।’
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরআই/টিএ