‘খুব বেশি সুন্দর’ হওয়ায় ফিরিয়ে দেওয়া হয়েছিল কৃতিকে!
ছবি: সংগৃহীত
১২:১৯ পিএম | ২৮ জুলাই, ২০২৬
বলিউডের বর্তমান সময়ের শীর্ষ তারকা কৃতি শ্যানন। সাফল্য আজ তাকে হাতছানি দিলেও, ক্যারিয়ারের শুরুটা ছিল চরম প্রত্যাখ্যান ও অদ্ভুত সব তিক্ত অভিজ্ঞতায় ভরা।
সম্প্রতি নিজের জন্মদিনে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি জানান, এক পরিচালক তাকে রূপের কারণেই চরিত্র থেকে বাদ দিয়েছিলেন।
ইঞ্জিনিয়ারিংয়ের পড়া শেষ করে হাতে চাকরির সুযোগ থাকা সত্ত্বেও রূপালী পর্দার টানে মুম্বাই পাড়ি দিয়েছিলেন কৃতি। কিন্তু কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকায় পদে পদে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে তাকে। কাজ না পেয়ে হতাশায় কেঁদে ফেলার স্মৃতিচারণ করে কৃতি বলেন, অনেকেই বলতেন আমার মধ্যে নাকি কোনো একটা খামতি আছে।

একজন তো সরাসরি বলেছিলেন— ‘তুমি খুব বেশি সুন্দর। পর্দায় চরিত্রকে বাস্তব করে তুলতে গেলে চেহারায় কিছুটা অপূর্ণতা থাকা দরকার।’
এই ধরনের মন্তব্য তাকে মানসিকভাবে ভেঙে ফেললেও দমে যাননি কৃতি। চরম হতাশার মাঝেও পরিবার ও কাছের কিছু মানুষের অটুট বিশ্বাস তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছিল।
সেই জেদ থেকেই একে একে কাজ করেন ‘মিমি’ ‘হিরোপান্তি’, ‘দিলওয়ালে’, ‘বারেলী কি বরফি’র মতো ছবিতে। যে কৃতিকে একসময় অযোগ্য ভেবে ফিরিয়ে দেওয়া হয়েছিল, ২০২১ সালে ‘মিমি’ ছবিতে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে তিনিই জিতে নেন সেরা অভিনেত্রী হিসেবে দেশের সর্বোচ্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। বর্তমানে অভিনয় ও ব্যবসা মিলিয়ে ১০০ কোটি টাকারও বেশি সম্পদের মালিক এই অভিনেত্রী।
এমআই/টিকে