স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
০২:৪৩ পিএম | ২৮ জুলাই, ২০২৬
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা বিভিন্ন অভিযোগ ও সাম্প্রতিক আলোচনায় নিজের নাম জড়িয়ে পড়ায় অবশেষে মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। একটি অডিও বক্তব্যে তিনি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়াকে ঘিরে আলোচিত ঘটনা, স্নিগ্ধার সঙ্গে নিজের সম্পর্ক, অতীতের একটি প্রস্তাব এবং পারিশ্রমিক নিয়ে করা মন্তব্যসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।
জেবা তাকিয়ার দাবি, একসময় তাকে গুলশান-২ এলাকার একটি অফিসে ডাকা হয়েছিল। সেখানে ‘আশিয়ান সিটি’ হাসপাতালের একটি টেলিভিশন বিজ্ঞাপনে কাজের জন্য ৫০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। তবে অফিসে পৌঁছানোর পর বিজ্ঞাপনের কাজের পরিবর্তে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, তার যাবতীয় খরচ ওই ব্যক্তি বহন করবেন।

জেবা বলেন, এমন প্রস্তাব তিনি সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে ওই ব্যক্তি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি নম্বর ব্লক করে দেন। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি বলেও দাবি করেন তিনি।
স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জেবা জানান, বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এমনকি স্নিগ্ধার সাবেক প্রেমিককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। শুধু শুনেছেন, তাদের বিচ্ছেদ ভালোভাবে হয়নি। তাই বিভিন্ন বিতর্ক বা মারামারির ঘটনায় নিজের নাম কেন টেনে আনা হচ্ছে, সেটি তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন।
অডিও বক্তব্যে আসিফ ও সাকিব সনেট নামের দুজনের প্রসঙ্গও তোলেন জেবা। তার ভাষ্য, আসিফের সঙ্গে তার সম্পর্ক ছিল বড় ভাই-বোনের মতো। অন্যদিকে সাকিব সনেট তাকে সবসময় ভদ্র, মার্জিত ও সংযত আচরণের মানুষ হিসেবে মূল্যায়ন করতেন। জেবার ধারণা, এসব প্রশংসার কারণেই স্নিগ্ধার মনে তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়ে থাকতে পারে।
এদিকে স্নিগ্ধা চৌধুরীর ২০ লাখ টাকার নিচে কাজ না করার দাবিও প্রশ্নবিদ্ধ করেন জেবা তাকিয়া। তার মতে, অপু বিশ্বাস, পরীমনি কিংবা জয়া আহসানের মতো প্রতিষ্ঠিত তারকারা এমন পারিশ্রমিক দাবি করতে পারেন। কিন্তু স্নিগ্ধা মাত্র একটি সিনেমায় কাজ করেছেন এবং মডেল হিসেবেও ততটা প্রতিষ্ঠিত নন। তাই এমন দাবি বাস্তবসম্মত নয় বলেই মন্তব্য করেন তিনি।
এ ছাড়া নিজের সঙ্গে স্নিগ্ধার চেহারার মিল রয়েছে, এমন আলোচনা নিয়েও বিস্ময় প্রকাশ করেন জেবা। হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘স্নিগ্ধা সেখানে গিয়ে থাকতে পারেন, তবে তিনি নিজে কখনও ওই হাসপাতালে যাননি।’ একই সঙ্গে নিজেকে একজন প্রতিষ্ঠিত ‘টপ মডেল’ উল্লেখ করে জেবা বলেন, অন্য কোনো মডেলকে ঘিরে আলোচনা হলেও অনেক সময় অকারণেই তার নামও সামনে চলে আসে।
উল্লেখ্য, সম্প্রতি মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী বিজ্ঞাপনের কাজের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন। সেই ঘটনার পর থেকেই বিষয়টি শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কেএন/টিকে