কাঁধে গুরুতর চোট পেলেন জুনিয়র এনটিআর
ছবি: সংগৃহীত
০৩:৫৭ পিএম | ২৮ জুলাই, ২০২৬
দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর কাঁধে চোট পেয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি আহত হয়েছেন বলে অভিনেতার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধও জানানো হয়েছে ভক্তদের। বিবৃতিতে বলা হয়েছে, চোট পাওয়ার পরপরই অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক জে মধুসূদন রাও ও চিকিৎসক আরএ পূর্ণচন্দ্র তেজস্বীর নেতৃত্বে গঠিত একটি মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থা মূল্যায়ন করে। পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘স্বাস্থ্যপরীক্ষার পরে চিকিৎসকেরা অভিনেতাকে ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’
অভিনেতার টিম জানিয়েছে, জুনিয়র এনটিআরের শারীরিক অবস্থার ওপর চিকিৎসকেরা নিয়মিত নজর রাখছেন। প্রয়োজন অনুযায়ী তাঁর স্বাস্থ্যের সর্বশেষ তথ্যও প্রকাশ করা হবে। একই সঙ্গে এই সময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধৈর্য, সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাঁর টিম।
বর্তমানে পরিচালক প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। তবে এই চোট ছবিটির শুটিং সেটে লেগেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালে ‘ড্রাগন’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে সিনেমাটির শুটিং শুরু হয়। এতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করছেন অনিল কাপুর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, গুরু সোমসুন্দরম, আশুতোষ রানা এবং অংশুমান পুষ্করসহ আরও অনেক তারকা।
২০২৭ সালের ১১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।
এসএ/টিকে