অপ্রকাশিত গান চুরির অভিযোগে মামলা করলেন আরিয়ানা গ্রান্ডে
ছবি: সংগৃহীত
০৪:০৯ পিএম | ২৮ জুলাই, ২০২৬
ডিজিটাল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অপ্রকাশিত গান, মিউজিক ভিডিওর ফুটেজ ও ব্যক্তিগত ছবি চুরির অভিযোগে বেনামী হ্যাকার চক্রের বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় পপ তারকা আরিয়ানা গ্রান্ডে।
সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’র প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি অজ্ঞাত হ্যাকার চক্র ফিশিং স্ক্যাম ও বিভিন্ন কৌশলে আরিয়ানার সঙ্গে কাজ করা সহকর্মীদের ডিভাইস ও অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করে আসছে।

মামলার তথ্য অনুযায়ী, হ্যাকাররা শুধু আরিয়ানার নিজস্ব ডিভাইস নয়, তার সহযোগী প্রযোজক, ফটোগ্রাফার ও ডিজিটাল টেকনিশিয়ানদের ব্যক্তিগত ড্রপবক্স ও গুগল অ্যাকাউন্টও লক্ষ্যবস্তু বানিয়েছে। পরে এসব অ্যাকাউন্টে ‘ব্যাকডোর’ তৈরি করে অপ্রকাশিত গান, ভিডিও ফুটেজ ও অন্যান্য ডিজিটাল সামগ্রী চুরি করা হয়। অভিযোগ রয়েছে, এসব তথ্য পরে অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে সংগীত ক্যারিয়ার শুরু করার পর থেকে এখন পর্যন্ত আরিয়ানার সঙ্গে সংশ্লিষ্ট শত শত ডিজিটাল তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।
আরিয়ানা গ্রান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আইনি পদক্ষেপের মূল লক্ষ্য হলো অজ্ঞাত অপরাধীদের পরিচয় শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনা। নিজের পাশাপাশি পুরো বিনোদন শিল্পের সৃষ্টিশীল কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
এসএ/টিকে