উত্তাল সাগরের ঢেউ থেকে শিশুর জীবন বাঁচানো সেই ১৬ বছরের লাইফগার্ডকে সম্মাননা দেবেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:৩৬ এএম | ২৯ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উত্তাল সাগরের ঢেউ থেকে ১০ বছর বয়সী এক শিশুর জীবন বাঁচিয়ে আলোচনায় আসা ১৬ বছর বয়সী লাইফগার্ড রাইডারকে হোয়াইট হাউসে সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক্স হেন্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, অসাধারণ সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে সেই রাইডার ও তার পরিবারকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে এবং তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হবে।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের সিব্রাইট বিচে সাগরের প্রবল ঢেউয়ে ভেসে যাচ্ছিল ১০ বছর বয়সী এক শিশু। এ সময় দায়িত্ব পালনরত ১৬ বছর বয়সী লাইফগার্ড রাইডার নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উদ্ধার অভিযানের সময় প্রবল ঢেউ বারবার রাইডারকে পানির নিচে টেনে নিলেও তিনি শিশুটির হাত ছাড়েননি। কয়েক মিনিট ধরে প্রাণপণ লড়াই চালিয়ে যান তিনি। পরে আরেকজন লাইফগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করলে তারা দুজন মিলে শিশুটিকে নিরাপদে তীরে ফিরিয়ে আনতে সক্ষম হন। তীরে আনার পর শিশুটিকে দ্রুত চিকিৎসাকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
রাইডারের সাহসিকতার খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন অনেকেই।
এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প রাইডারের সাহসিকতার ভূয়সী প্রশংসা করে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, এমন মানবিক ও সাহসী কাজ অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
রাইডারের এই বীরত্বপূর্ণ উদ্ধার অভিযানের ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাকে একজন প্রকৃত নায়ক হিসেবে অভিহিত করছেন।
কেএন/এসএন