© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যাস সংকটে বিপর্যস্ত গাজীপুর শিল্পাঞ্চল, বন্ধ হচ্ছে কারখানা

শেয়ার করুন:
গ্যাস সংকটে বিপর্যস্ত গাজীপুর শিল্পাঞ্চল, বন্ধ হচ্ছে কারখানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ এএম | ৩১ জুলাই, ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলে চলমান গ্যাস সংকটের প্রভাব ক্রমেই প্রকট হচ্ছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কমাতে বা পুরোপুরি বন্ধ করতে বাধ্য হচ্ছে। এর ফলে উৎপাদনের পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানও অনিশ্চয়তার মুখে পড়েছে।

শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে গোমতী টেক্সটাইল গত ১৯ জুলাই থেকে তাদের টেক্সটাইল, ডাইং ও নিটিং বিভাগে উৎপাদন বন্ধ রেখেছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ২ হাজার ৫০০ শ্রমিক কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। একইভাবে সাদমা ফ্যাশন ওয়্যারে উৎপাদন সক্ষমতা নেমে এসেছে মাত্র ৩০ শতাংশে। অন্যদিকে তাপস পিএন কারখানাও উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে।

উদ্যোক্তাদের ভাষ্য, স্বাভাবিক উৎপাদনের জন্য যেখানে ১০ থেকে ১৫ পিএসআই গ্যাসচাপ প্রয়োজন, সেখানে বর্তমানে অনেক কারখানায় মিলছে মাত্র ১ থেকে ৩ পিএসআই। আবার কোথাও কোথাও গ্যাসচাপ শূন্য পিএসআইয়ে নেমে এসেছে। এই পরিস্থিতিতে তুসুকা গ্রুপ জেনারেটর ব্যবহার করে উৎপাদন চালিয়ে গেলেও প্রতিদিন অতিরিক্ত প্রায় ২০ লাখ টাকা ডিজেল খরচ করতে হচ্ছে।

তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী, গাজীপুরে প্রতিদিন প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ৩০ কোটি ঘনফুট। চাহিদা ও সরবরাহের এই বড় ব্যবধানের কারণে ছোট-বড় শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে উদ্যোক্তাদের পাশাপাশি শ্রমিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


এমআই/টিএ

মন্তব্য করুন