১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক, এনসিপির ওপর হামলার নিন্দা
ছবি: সংগৃহীত
০২:১৮ এএম | ৩১ জুলাই, ২০২৬
দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।
একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধরাণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী ও লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়, যা আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে। এছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপর বিএনপির সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সভায় ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এমআই/টিএ