এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত
০৪:০৬ এএম | ৩১ জুলাই, ২০২৬
এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, এনসিপিকে বলব, গঠনমূলক রাজনীতি করুন।
এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে নিয়ে কুটূক্তি করে বেড়াচ্ছে। জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা স্থানীয় এমপি, মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছে।
আচ্ছা, এভাবে যদি তারা কথা বলে, তাহলে আপনি কতজন নেতাকর্মী-সমর্থককে নিয়ন্ত্রণ করবেন? যারা একজন এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সামনে গিয়ে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, মানুষ আপনাদের ছেড়ে দেবে! সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ সেই জায়গা থেকেই প্রতিবাদ করেছে।’
রাশেদ খাঁন বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তাঁদের নেতারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে এমপি ও মন্ত্রীদের গালাগালি করছেন। এই এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের পরে নতুন বন্দোবস্তের কথা বলে নতুন ভণ্ডবস্ত কায়েম করার চেষ্টা করছে। এনসিপির এখন উচিত ইতিবাচক রাজনীতি করা।
এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে চলছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ বলেন, ‘গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে।
আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে না গেলে অন্য কিছু হতে পারত।
এমআই/টিএ