© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেপো রেট এখন ৯.৫০ শতাংশনীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন:
নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৫ এএম | ৩১ জুলাই, ২০২৬
আগের কড়াকড়ি অবস্থান থেকে কিছুটা সরে এসে নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেটও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) গতকাল এসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভা (২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা) গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে কমিটি মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেট ১১.৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

তবে সুদহার করিডরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।

এমপিসির সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ড. মোহাম্মদ আক্তার হোসেন, নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআই/টিএ





মন্তব্য করুন