স্বাচিপ-সংশ্লিষ্ট চিকিৎসকদের পদোন্নতির অভিযোগ ড্যাব সভাপতির, বাতিলের দাবি
ছবি: সংগৃহীত
০৪:০৫ পিএম | ৩১ জুলাই, ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদোন্নতি ও পদায়নে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সংশ্লিষ্টদের পদোন্নতি দেওয়ার অভিযোগ তুলেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। একই সঙ্গে তিনি এসব পদোন্নতি বাতিলের দাবি জানিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
ডা. হারুন আল রশীদ অভিযোগ করেন, স্বাস্থ্য বিভাগে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী ও সহযোগী পরিচালক পদে সম্প্রতি যে পদোন্নতি ও পদায়ন দেওয়া হয়েছে, সেখানে বিগত সরকারের সময়ে ভিন্নমতের চিকিৎসকদের নির্যাতনের সঙ্গে জড়িত এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে সম্পৃক্ত কয়েকজন চিকিৎসকের নাম রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দ্রুত এ পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করেছে।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এই পদোন্নতির তালিকায় বিগত স্বৈরাচার আমলের ভিন্ন মতের চিকিৎসকদের নির্যাতন করেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নাম করা নির্যাতনকারী এবং স্বাচিপের বেশ কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাব্যক্তি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি অতি দ্রুত কোনো যাচাই-বাছাই ছাড়া, কাউকে জিজ্ঞাসা না করেই এই কার্যক্রম সম্পন্ন করেছে।’
ডা. হারুন আল রশীদ ওই পদোন্নতি কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে তা বাতিলের আহ্বান জানান। পাশাপাশি গত ১৭ বছরে পদোন্নতি থেকে বঞ্চিত ও অবহেলিত চিকিৎসকদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় তিনি কয়েকজন পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকের নাম উল্লেখ করে একটি তালিকাও প্রকাশ করেন। ওই তালিকায় পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসক সুখরঞ্জন দাসের নাম দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, তিনি স্বাচিপ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ডা. হারুন আল রশীদ মেডিভয়েসকে বলেন, ‘সম্প্রতি সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে যে পদায়ন ও পদোন্নতি দেওয়া হয়েছে, সেখানে স্বৈরাচারী সরকারের তোষামোদকারী অনেক চিকিৎসকের নাম রয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপের তালিকাভুক্ত বেশ কয়েকজন সদস্যও এ পদোন্নতির তালিকায় রয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে এসব পদোন্নতি বাতিল করা হোক।’
ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘অনেকেই মনে করেন, আমরা বিএনপিপন্থী হওয়ায় হয়তো এসব বিষয় নিয়ন্ত্রণ করি বা এ বিষয়ে আমাদের সম্পৃক্ততা রয়েছে। কিন্তু বাস্তবে আমরা এ বিষয়ে কিছুই জানি না। তাই প্রকৃত বিষয়টি সবার সামনে তুলে ধরতেই আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।
সূত্র - মেডিভয়েস
টিকে/