© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এই সরকার কিন্তু কচুপাতার পানি না, নড়লেও পড়ে না: জয়নুল আবদিন ফারুক

শেয়ার করুন:
এই সরকার কিন্তু কচুপাতার পানি না, নড়লেও পড়ে না: জয়নুল আবদিন ফারুক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ পিএম | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘পত্রিকায় দেখেছি, কোনো এক দলের নেতা বলেছেন—কিছুদিনের মধ্যেই সরকারকে আমরা বিদায় করে দেব। কিন্তু এই সরকার কচুপাতার পানি না, নড়লেও পড়ে না।’

​শুক্রবার (৩১ জুলাই) বিকালে সেনবাগ উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর নির্বাচনী ইশতেহার অনুযায়ী, সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠান হয়।

​জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এটি খুব শক্তিশালী দল, এটি স্বাধীনতার ঘোষকের দল, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। যেই দলের নেত্রী কারও সাথে আপস করেননি, জেল খেটেছেন, তবুও মাথা নত করেননি।’

​তিনি আরও বলেন, ‘আপনারা হুমকি দেবেন আর আমরা ঘরে বসে থাকব? তাহলে আমাদেরও সংগঠন শক্তিশালী করতে হবে। যারা এই অপপ্রচার চালাচ্ছে, যারা আজকে জুলাই-আগস্টকে নিয়ে আমাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তাদের উদ্দেশে বলতে চাই— জুলাই-আগস্ট আন্দোলন ১৭ বছরের বিএনপির আন্দোলনেরই ফল। সে আন্দোলনকে আমার নেতা তারেক রহমান সমর্থন দিয়ে স্বীকৃতি দান করেছেন। তরুণের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, শহীদ জিয়ার যে আদর্শ এবং বেগম খালেদা জিয়ার যে আদর্শ আমরা অতীতে লুটেরা সরকারের কারণে বাস্তবায়ন করতে পারি নাই। ইনশাআল্লাহ এবার তা পারব। কারণ এবার দেশে সুষ্ঠু ভোট হয়েছে, কোনো চুরি-চামারি হয় নাই। শুধু এমপি ভোট দিয়ে সংসদে পাঠাবেন আর সরকার গঠন করবেন—তা তো নয়, সামনে স্থানীয় সরকার নির্বাচনও রয়েছে। আগে তো ভোটকেন্দ্রে যেতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই; যার ইচ্ছা সে চেয়ারম্যান হয়ে গেছে। এবার কিন্তু সেটা হবে না।’

এমআর/টিকে  

মন্তব্য করুন