প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুললেন জয়সওয়াল
ছবি: সংগৃহীত
০৪:১৩ এএম | ০১ আগস্ট, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের সভাপতি হিসেবে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে এড়িয়ে যান রণধীর জয়সওয়াল।
নয়াদিল্লিতে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং চলাকালে বিষয়টি নিয়ে জানতে চান একজন সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, ‘বাংলাদেশ থেকে কিছু মন্তব্যে বলা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তাঁর পদবি ‘প্রধানমন্ত্রী’ ব্যবহৃত হয়নি, ‘বিমসটেকের চেয়ার’ হিসেবে সম্বোধন করা হয়েছে, যা তারা অপমানজনক
বলে মনে করছে।
একটু স্পষ্ট করে বলবেন কি, তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণটি কেমন ছিল?’
এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ব্রিকসের আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ ও কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য জানাব।
এ সময় আরেক সাংবাদিক ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে বলেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রীসহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এমন কোনো চর্চা আছে কি না যে মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কর্মকাণ্ডের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে জানান? কারণ তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য নিযুক্ত বিশেষ দূত?
জবাবে জয়সওয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেওয়া উচিত। কারণ এটি ওই দুই দেশের বিষয়।’
আরআই/টিএ