‘ওয়ান সিটিজেন, ওয়ান নম্বর, ওয়ান ওয়ালেট’ নীতি বাস্তবায়ন করা হবে: জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত
০৪:৩৯ এএম | ০১ আগস্ট, ২০২৬
দেশের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও রাষ্ট্রীয় সেবায় সমান অংশগ্রহণ নিশ্চিত করতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান নম্বর, ওয়ান ওয়ালেট’ নীতি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, এই নীতি বাস্তবায়িত হলে উন্নয়ন কর্মকাণ্ডে কোনো নাগরিক বাদ পড়বেন না এবং প্রত্যেকে তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারবেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘জুলাই গণসমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শ্রেণি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিক যাতে রাষ্ট্রীয় জীবনে সমান অধিকার ও মর্যাদা পান, সেটিই সরকারের অন্যতম লক্ষ্য। ‘ওয়ান সিটিজেন, ওয়ান নম্বর, ওয়ান ওয়ালেট’ নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সেবা ও উন্নয়ন কার্যক্রমে প্রতিটি নাগরিকের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক সংস্কারের জন্য নয়; এতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারেরও সুস্পষ্ট রূপরেখা রয়েছে। এসব ক্ষেত্রে পরিবর্তন ছাড়া সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে সাকি বলেন, আগামী ৪ঠা আগস্ট সংসদে গঠিত সংস্কারবিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
জ্বালানি ও অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমরা কথা বলেছিলাম দেশের বিনিয়োগনির্ভর উৎপাদনমুখী এবং কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে। তার জন্য দেশের প্রথম কাজ হচ্ছে জ্বালানি নিরাপত্তা তৈরি করা। আমদানিনির্ভর জ্বালানি নীতির পরিবর্তে একটা আত্মনির্ভর জ্বালানি নীতি তৈরি করা হয়েছে। আমরা নবায়নযোগ্য জ্বালানিতে গিয়েছি। আমরা বাংলাদেশের গ্যাস ক্ষেত্র যাতে সম্পূর্ণভাবে অনুসন্ধান করে আমরা আমাদের গ্যাস উত্তোলন করতে পারি তার উদ্যোগ নেয়া হয়েছে।
আরআই/টিএ