© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লোহিত সাগরে জাহাজ থেকে টোল না নেওয়ার ঘোষণা হুথিদের

শেয়ার করুন:
লোহিত সাগরে জাহাজ থেকে টোল না নেওয়ার ঘোষণা হুথিদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ০১ আগস্ট, ২০২৬
লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবি নাকচ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, এ নৌপথে চলাচলের জন্য কোনো ধরনের টোল আদায় করা হবে না। সৌদি আরবের সঙ্গে উত্তেজনার মধ্যে নৌপথে টোল আদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

শনিবার (০১ আগস্ট) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি-পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। সংস্থাটি বলেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই কৌশলগত জলপথ উন্মুক্ত রয়েছে।

গত সপ্তাহে সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করেছে হুথিরা। এ ঘটনার পর লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়ে এই বিবৃতি দিয়েছে গোষ্ঠীটি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লিখিত সূত্রগুলো জানিয়েছে, জুলাই মাসে হুথি কর্মকর্তাদের তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফি-সংক্রান্ত প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছিল। তবে তা বাস্তবায়নের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

হুথি-পরিচালিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র (এইচওসিসি) বলেছে, তাদের নিরাপদ পরিবহন পরিষেবাটি একটি স্বেচ্ছামূলক উদ্যোগ। এটি সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে আসছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এইচওসিসি দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করছে যে, বাব এল-মান্দেব প্রণালি পারাপারের বিনিময়ে অর্থ প্রদানের অনুরোধকারী কোনো ব্যক্তি বা সংস্থা কোনোভাবেই ইয়েমেন প্রজাতন্ত্র বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এইচওসিসি শিপিং কোম্পানিগুলোকে অননুমোদিত ব্যক্তি বা সংস্থাকে কোনো অর্থ প্রদান বা কোনো তথ্য সরবরাহ না করার আহ্বান জানিয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট 

এমআর/টিএ 

মন্তব্য করুন