© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া ব্যাগে জর্দার কৌটা ও পান ছিল: ডিএমপি

শেয়ার করুন:
মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া ব্যাগে জর্দার কৌটা ও পান ছিল: ডিএমপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৩ পিএম | ০১ আগস্ট, ২০২৬
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মূলত মিরপুর-১০ মেট্রে স্টেশনের ব্যাগের ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। আর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের খালি বস্তা দলা পাকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

শনিবার (১ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দুটি পরিত্যক্ত বস্তু পাওয়া যাওয়ার খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে কৌটাসদৃশ একটি ইমেজ দেখা যায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। 

অন্যদিকে, তেজগাঁও থানাধীন এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

এছাড়াও সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আতঙ্কিত না হয়ে যেকোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবহিত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এমআই/টিএ


মন্তব্য করুন