এবার ‘নিঃস্ব’ শাকিবের সঙ্গে ইধিকা
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ০২ আগস্ট, ২০২৬
২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য বহুল আলোচিত সিনেমা ‘নিঃস্ব’ ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। আগে থেকেই নিশ্চিত ছিল, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এর মাধ্যমে বড় পর্দায় তৃতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব ও ইধিকা।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিনেমার নায়িকা হিসেবে অভিনেত্রী সাবিলা নূরের নামও আলোচনায় ছিল। তবে প্রযোজক শাহরীন আক্তার সুমি জানিয়েছেন, ‘নিঃস্ব’তে সাবিলা নূর থাকছেন না। যদিও এখনো নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইধিকা পালের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
‘নিঃস্ব’ নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে। ছবিটি পরিচালনা করবেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নির্মাতার ভাষ্য অনুযায়ী, অ্যাকশন, রোমান্স এবং প্রতিশোধের গল্পকে কেন্দ্র করেই এগোবে সিনেমার কাহিনি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের অক্টোবর মাসে শুরু হবে ‘নিঃস্ব’র শুটিং। ২০২৭ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
এসএ/টিএ