© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ সন্তানের পর অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা!

শেয়ার করুন:
৫ সন্তানের পর অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
প্রায় এক দশকের প্রেম, পাঁচ সন্তান এবং গত বছরের বাগদানের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী শনিবার (৮ আগস্ট) পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ ফুটবল তারকা রোনালদো ও জর্জিনা ধর্মীয় বিয়ের জন্য বেছে নিয়েছেন মাদেইরার রাজধানী ফুনশালের ঐতিহাসিক ফুনশাল ক্যাথেড্রাল। ৫০০ বছরেরও বেশি পুরোনো এই গির্জাটি রোনালদোর জন্মভূমির অন্যতম ঐতিহাসিক স্থাপনা।



স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার জন্য গির্জাটি একটি বড় বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি অতিথিদের আপ্যায়নের জন্য কাছাকাছি অবস্থিত বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলও বুক করা হয়েছে। হোটেল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার হোটেলের দুটি ফ্লোর এবং কয়েকটি বার এলাকা সাধারণ অতিথিদের জন্য বন্ধ থাকবে।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। এরপর থেকে তারা বিশ্বের অন্যতম আলোচিত তারকা দম্পতিতে পরিণত হন। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক।দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ২০২৫ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিজেদের বাগদানের ঘোষণা দেন তারা। জর্জিনা নিজের ইনস্টাগ্রামে দুজনের হাতের একটি ছবি প্রকাশ করেন, যেখানে তার আঙুলে শোভা পাচ্ছিল বিশাল আকৃতির একটি হীরার আংটি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, আংটির মূল্য ছিল প্রায় ৬ থেকে ১২ মিলিয়ন মার্কিন ডলার।

ছবির ক্যাপশনে জর্জিনা লিখেছিলেন, ‘হ্যাঁ, রাজি। এই জীবনেও, পরবর্তী সব জীবনেও।’

এর আগে রোনালদো একাধিকবার বলেছিলেন, সঠিক সময় এলে তিনি বিয়ে করবেন। তবে বিয়ের প্রস্তাব দেয়ার ঘটনাটি ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত।রোনালদোর ভাষ্য অনুযায়ী, একজন ঘনিষ্ঠ বন্ধু তাকে আংটিটি দিয়েছিলেন যাতে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। ঠিক সেই সময় তাদের দুই ছোট মেয়ে ঘরে ঢুকে বাবাকে বলে ওঠে, ‘বাবা, তুমি মাকে আংটিটা দেবে আর তাকে বিয়ের প্রস্তাব দেবে।’

সন্তানদের সেই কথাকেই শুভ সংকেত হিসেবে নেন রোনালদো। আর কোনো অপেক্ষা না করে সেখানেই জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন তিনি।

যদিও এখনো রোনালদো কিংবা জর্জিনা আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি, তবে দ্য সান-এর দাবি সত্য হলে আগামী শনিবারই চার হাত এক হবে ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তারকা জুটির।

আরআই/টিএ

মন্তব্য করুন