যশোরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে
ছবি: সংগৃহীত
০৮:১৭ এএম | ০৪ আগস্ট, ২০২৬
যশোরের কোতোয়ালি থানার দুটি মামলায় গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) কোতোয়ালি থানার এসআই ফজলুল হক এ মামলা করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, শেখ তানভীর ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন, ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, রাকিবুল রহমান ওরফে বড় বাবু, আল আমিন ও সম্রাট হোসেন, বর্তমান ইউপি সদস্য মঈনুর রহমান এবং সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ও আকরাম হোসেন।
জানা গেছে, যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও সাবেক কাউন্সিলর হাজী সুমনসহ ১৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাতে যশোর সদর উপজেলার রাজারহাট পিকনিক কর্ণারের কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী মিছিল এবং নাশকতার উদ্দেশে অবস্থান নেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে সবাই পালিয়ে যায়।
পরে খোঁজখবর নিয়ে এসআই ফজলুল হক বাদী হয়ে রোববার কোতোয়ালি থানায় ১৩৩ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।
এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন— সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক কাউন্সিলার হাজী সুমন, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফ, দলেননগরের হবিবর রহমান, উপশহরের সাবেক চেয়ারম্যান এহসানুল হক লিটু, উপশহরের মুনসুর আলী, চিমা, নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুন্না প্রমুখ।
কেএন/এসএন