© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল: ক্লদিও তাপিয়া

শেয়ার করুন:
ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল: ক্লদিও তাপিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৪ এএম | ০৪ আগস্ট, ২০২৬
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। তবে এই হারের পরও লিওনেল স্কালোনির বর্তমান দলটিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সেরা দল হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

সম্প্রতি এএফএর 'স্পনসর ডে' অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে স্পেনের বিপক্ষে ফাইনালে দলের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলে চারটিতেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এর মধ্যে রয়েছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। সাম্প্রতিক বছরগুলোর এই ধারাবাহিক সাফল্যের কারণেই দলটিকে ইতিহাসের সেরা বলে মনে করেন তাপিয়া।

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরে এএফএ সভাপতি বলেন যে, পাঁচটি ফাইনাল খেলে চারটিতে জয় পাওয়া দলটি তাদের ফলাফলের মাধ্যমেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।
ফাইনালে স্পেনের কাছে হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তারা গর্বিত। তিনি আরও যোগ করেন, এই খেলোয়াড়রা দেশের পতাকাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন, যা তাদের জন্য অত্যন্ত আনন্দের।

এবারের ২০২৬ বিশ্বকাপে দলের সংখ্যা ও ম্যাচের পরিমাণ বেশি থাকায় খেলোয়াড়দের বেশ কিছু নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। সময়ের পার্থক্যসহ নানা প্রতিকূল পরিবেশের কথা উল্লেখ করে তাপিয়া জানান, এতসব বাধা সত্ত্বেও দলটি দীর্ঘদিন ধরে যেভাবে নিজেদের মান ধরে রেখেছে, এবারের বিশ্বকাপেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন জোগানো শতাধিক ব্র্যান্ডকে নিয়ে এই 'এএফএ স্পনসর ডে'-র আয়োজন করা হয়। অনুষ্ঠানে এএফএর প্রতিনিধিত্ব করেন সভাপতি ক্লদিও তাপিয়া নিজেই। স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালাসহ কোচিং স্টাফের অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিও গোয়কোচেয়া।


এমআই/এসএন  

মন্তব্য করুন