মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত
ছবি: সংগৃহীত
০৩:১৯ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
মেয়াদ শেষ হওয়ার আগেই সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত সভাপতি পরিবর্তন-সংক্রান্ত আদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী তার মেয়াদ ২০২৭ সালের ২৪ এপ্রিল পর্যন্ত থাকার কথা।
তবে মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে তাকে অপসারণ করে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
রিট আবেদনে শিহাব উদ্দিন খান দাবি করেন, চলমান গভর্নিং বডির মেয়াদ বহাল থাকা অবস্থায় সভাপতি পরিবর্তনের সিদ্ধান্ত আইনসম্মত নয়। এছাড়া কোনো কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে অপসারণ করা হয়েছে, যা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী।
এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট আপাতত সভাপতি পরিবর্তনের আদেশ স্থগিতের পাশাপাশি এর বৈধতা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন।
এসএন