ভারত থেকে কাঁচা মরিচ আমদানি, দাম কমল অর্ধেক
ছবি: সংগৃহীত
০৯:০২ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই দেশের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে।
এর ফলে কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় ১৩০ টাকা কমে অর্ধেকে নেমে এসেছে।
কয়েক দিন আগেও যে মরিচ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের আশা, আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
মঙ্গলবার (৪ আগস্ট) হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা মোবারক হোসেন বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে উৎপাদন কমে গিয়ে বাজারে সরবরাহ সংকট দেখা দেয় এবং দাম দ্রুত বেড়ে যায়। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ার পর বাজারে সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে।
আগে ২৮০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি, এখন বিক্রি করছি ১৫০ টাকায়।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, সরকার ৭৪ জন আমদানিকারককে মোট ৩৬ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দিয়েছে। এর মধ্যে গত দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে মোট ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
বন্দরের একাধিক আমদানিকারক জানান, আমদানিকৃত কাঁচা মরিচের মানভেদে পাইকারি বাজারে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
তাদের মতে, ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ আরো বাড়বে এবং দাম আরো কমে আসবে।
স্থানীয় ক্রেতাদের ভাষ্য, দীর্ঘদিন পর কাঁচা মরিচের দাম কমতে শুরু করায় তারা স্বস্তি পেয়েছেন। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে মূল্য আরো কমবে বলে আশা করছেন তারা।
আরআই/টিএ