© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ এএম | ০৫ আগস্ট, ২০২৬
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে নগরের চকবাজার এলাকার প্যারেড মাঠের উত্তর প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে ভিন্নমত দমনে হামলা ও সহিংসতার রাজনীতি পরিহার করে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক তাওহিদুল ইসলাম। তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সহিংসতা ও ভয়ভীতির সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধ, দোষীদের বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন